কর্মসংস্থান বাড়াতে ক্রীড়া খাতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ চীনের

Share
Share

ভোগব্যয় ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে চাঙা করতে আগামী পাঁচ বছরে ক্রীড়া খাতের আকার অন্তত ৭ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে চীন। বর্তমান বিনিময় হারে যার পরিমাণ প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চীনের ক্রীড়া খাতের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে এ লক্ষ্যের কথা জানানো হয়। ২০২৪ সালে দেশটির ক্রীড়া শিল্পের আকার ছিল ৩ দশমিক ৮৪ ট্রিলিয়ন ইউয়ান। অর্থাৎ নতুন লক্ষ্যমাত্রা বর্তমান আকারের প্রায় দ্বিগুণ।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব স্পোর্ট জানিয়েছে, দেশীয় ক্রীড়া ইভেন্ট ও ব্র্যান্ড গড়ে তোলার পাশাপাশি দর্শকদের অভিজ্ঞতা উন্নত করা হবে। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে রেস্তোরাঁ, আবাসন, পরিবহন, পর্যটন, খুচরা বিক্রি ও বিনোদন খাতে অতিরিক্ত ব্যয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

নীতিনির্ধারকদের প্রত্যাশা, ক্রীড়া খাতের এই সম্প্রসারণ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং প্রতিযোগিতাকেন্দ্রিক একটি বৃহৎ বাণিজ্যিক পরিবেশ গড়ে তুলবে।

চীনের অর্থনীতি দীর্ঘদিনের আবাসন খাতের মন্দা এবং দুর্বল ভোক্তা ব্যয়ের চাপে রয়েছে। এর প্রভাব পড়ছে স্থানীয় সরকারের রাজস্ব, শ্রমবাজার এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। এ পরিস্থিতিতে ভোগব্যয় ও কর্মসংস্থান বাড়ানোর নতুন উৎস হিসেবে ক্রীড়া খাতকে কাজে লাগাতে চাইছে বেইজিং।

নীতিনির্ধারকদের মতে, ভর্তুকিনির্ভর এককালীন পণ্য কেনাকাটার তুলনায় ক্রীড়া কার্যক্রমে মানুষের নিয়মিত ব্যয়ের সুযোগ বেশি। প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম, ভ্রমণ ও বিনোদনে বারবার অর্থ ব্যয় হতে পারে। একই সঙ্গে তুলনামূলক কম খরচের স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতাও দর্শকদের রেস্তোরাঁ, হোটেল, দোকান ও পর্যটনকেন্দ্রে নিয়ে যেতে পারে।

এর একটি উদাহরণ হয়ে উঠেছে জিয়াংসু ফুটবল সিটি লিগ। গত বছর প্রথম মৌসুমে প্রাদেশিক এই লিগে ৮৫টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং দর্শক সমাগম ছিল ২৪ লাখ ৩০ হাজারের বেশি। কম টিকিটের মূল্য এবং জিয়াংসুর ১৩টি শহরের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ম্যাচগুলোকে শুধু ক্রীড়া আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেনি; বরং পর্যটন ও কেনাকাটার ক্ষেত্রেও বাড়তি কার্যক্রম তৈরি করেছে।

চীনের নীতিনির্ধারকেরা এখন এই ধরনের স্থানীয় ক্রীড়া আয়োজনকে দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করে ক্রীড়াকে ভোগব্যয়, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চাইছেন।

Share

সর্বশেষ সংযোজন

Related Articles

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

স্টারলিংক টার্মিনাল হ্যাকের দাবি চীন-সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা দলের

বিশ্বের বৃহত্তম স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকের সর্বশেষ ব্যবহারকারী টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা ভেদ করে...

চীনে খনিজ সম্পদের নতুন দ্বার

চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের শুয়ানচেং শহরের ছাটিং এলাকায় তামা ও সোনার একটি...

৪ হাজার মিটার উচ্চতায় চীনের নতুন বায়ুবাহিত বায়ুশক্তি ব্যবস্থার সফল পরীক্ষা

উচ্চ আকাশে শক্তিশালী বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি চীনের নতুন...