উচ্চ আকাশে শক্তিশালী বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি চীনের নতুন বায়ুবাহিত বায়ুশক্তি ব্যবস্থা ‘‘এস৪০০ স্ট্রেটোসফেয়ার এয়ারবার্নি ওয়াইন্ড এনার্জি সিস্টেম (এসঅ্যাডব্লিইএস)’’ ৪ হাজার মিটার উচ্চতায় পূর্ণাঙ্গ পরীক্ষায় সফল হয়েছে। এই সাফল্য উচ্চ-উচ্চতার বায়ুশক্তিকে প্রকৌশলগতভাবে কাজে লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
উত্তর-পশ্চিম চীনের একটি পরীক্ষাকেন্দ্রে সম্প্রতি এস৪০০-এর পরীক্ষা সম্পন্ন হয়। বেইজিং লিনঈ ইয়্যুনছুয়ান এনার্জি টেকনোলজি, শিংহুয়া ইউনিভার্সিটি এবং চাইনিজ অ্যাকাডেমি অব সাইন্সের এরোস্পেস ইনফরমেশন রিসার্চ ইন্সটিটিউটের যৌথ সহযোগিতায় প্রযুক্তিটি তৈরি করা হয়েছে।
প্রচলিত বায়ু টারবাইন যেখানে মাটির সঙ্গে স্থায়ীভাবে স্থাপন করা হয়, এস৪০০ সেখানে ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। এতে হিলিয়ামভর্তি একটি উড়ন্ত প্ল্যাটফর্মের মাধ্যমে হালকা ওজনের জেনারেটরকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যাওয়া হয়। সেখানে তুলনামূলক শক্তিশালী বায়ুপ্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং টেথার বা সংযোগকারী তারের মাধ্যমে সেই বিদ্যুৎ মাটিতে পাঠানো হয়।
এই প্রযুক্তির অন্যতম সম্ভাব্য সুবিধা হলো বায়ুশক্তি ব্যবহারের সময়সীমা বাড়ানো। সাধারণ স্থলভিত্তিক বায়ু বিদ্যুৎ প্রকল্পে বছরে সাধারণত ২,০০০ থেকে ৩,০০০ ঘণ্টা পর্যন্ত কার্যকরভাবে বায়ুশক্তি ব্যবহার করা যায়। গবেষণা অনুযায়ী, প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় এই সম্ভাব্য ব্যবহারকাল বছরে ৫,০০০ থেকে ৬,০০০ ঘণ্টা পর্যন্ত হতে পারে। এই সম্ভাবনা যাচাই করতে এস৪০০-এর দীর্ঘমেয়াদি উচ্চ-উচ্চতা পরীক্ষা চালানো হবে।
এস৪০০-এর দৈর্ঘ্য ৬৭ মিটার, প্রস্থ ৪০ মিটার এবং উচ্চতা ২৩ মিটার। এটি ১ মেট্রিক টনের বেশি ওজন বহন করতে সক্ষম এবং ১০ থেকে ৩৫ কিলোভোল্ট পর্যন্ত আউটপুট ভোল্টেজ সরবরাহ করতে পারে।
এস৪০০-এর আগে এস৫০০, এস১৫০০ ও এস২০০০ মডেল তৈরি ও পরীক্ষা করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এস২০০০ সর্বোচ্চ ২ হাজার মিটার উচ্চতায় পৌঁছেছিল। এর তুলনায় এস৪০০০-এ কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি পরিচালন উচ্চতা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং মডুলার ইন্টিগ্রেশনে উন্নতি আনা হয়েছে।
পরবর্তী পর্যায়ের পরীক্ষায় উচ্চ উচ্চতায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যাচাই করা হবে। এসব পরীক্ষায় সংগৃহীত তথ্য ভবিষ্যতে আরও বড় এস৬০০০-৫এমডব্লিউ বায়ুবাহিত বায়ুশক্তি ব্যবস্থা উন্নয়নেও কাজে লাগবে।