মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডু, গত বুধবার (২৭ আগস্ট) বেইজিংয়ে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দেখা করেন।
সাক্ষাতে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে, দু’পক্ষ চীন-মার্কিন গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলছে। চীন-মার্কিন সম্পর্ক উন্নত করতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান, উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতা, এবং দু’দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করা জরুরি।
তিনি আরও বলেন, বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। দু’পক্ষের উচিত, ইতিবাচক আলোচ্যসূচির ওপর জোর দেওয়া, যথাসাধ্য মতভেদ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা, দু’দেশের উচ্চ স্তরের বিনিময়ে বাধা সৃষ্টিকারী উপাদনগুলো যথাসম্ভব দূর করা, এবং সার্বিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা।
এ সময় ডেভিড পারডু বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মে মাসের চীন সফর ছিল ফলপ্রসূ। দু’পক্ষ যোগাযোগ জোরদার ও সহযোগিতা ত্বরান্বিত করে এবং পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের পারস্পরিক যোগাযোগ প্রস্তুতি নিয়ে, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে, মার্কিন-চীন গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।
তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সিচাংয়ের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে, সমবেদনাও প্রকাশ করেন।